সুমন কুমার বুলেট, নওগাঁ
প্রকাশ: ১৭:৪৪, ৪ অক্টোবর ২০২৬
গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মহাদেবপুর থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত দোকান বন্ধ করে মূল্যবান স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত অনুমান ৭:৫০টার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে কুপিয়ে স্বর্ণ ছিনতাই করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হয়। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ, মহাদেবপুর থানা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চ তদন্ত শুরু করে। পরে পিবিআই ও সিআইডিও তদন্তে যোগ দেয়। সার্বিক তদন্ত পুলিশ সুপার নিজে তদারকি করছেন।
মহাদেবপুর থানা ও নওগাঁ জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রতের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তথ্যপ্রযুক্তি, নওগাঁ শহরের ডিজিটাল সার্ভেইল্যান্স ক্যামেরা ও ডাটা বিশ্লেষণ করে গত ২ অক্টোবর ২০২৬ রাতে ঘটনার প্রধান সন্দেহভাজন আসামি রনি ওরফে রনি প্রামানিককে (৩৮) আত্রাই থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাবা আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলী। বাড়ি নাটোর জেলার উত্তর আলাইপুর।
গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ৫টি ক্যাপ জব্দ করা হয়। অনুসন্ধানে জানা যায়, রনি বিভিন্ন অপরাধমূলক কাজে ৩৩-৩৪টি সিম ব্যবহার করত। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতার পাঁচটি মামলা রয়েছে। সবগুলোই স্বর্ণ চুরি ও ডাকাতি সম্পর্কিত।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।