চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর হবে পরিকল্পিত নগর : ডিসি জাহিদ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

প্রকাশ: ২২:২৯, ৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর হবে পরিকল্পিত নগর : ডিসি জাহিদ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, এখানকার বাসিন্দাদের অন্যান্য এলাকার মতো প্রয়োজনীয় নাগরিক সুবিধার আওতায় আনা হবে।

রোববার জঙ্গল সলিমপুরে চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক আলীনগর প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক বলেন, একসময় জঙ্গল সলিমপুরকে ‘স্টেট উইদিন স্টেট’ বলা হতো। ৯ মার্চের আগে এ এলাকা সম্পর্কে যে ধারণা ছিল, পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে এখানে স্বাভাবিক জনজীবন প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি জানান, যোগাযোগব্যবস্থা উন্নয়নে ছয়টি সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশ নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এসব সড়কের কাজ করছে। ইতোমধ্যে প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সড়ক নির্মাণ শেষ হলে মানুষের চলাচল সহজ ও নিরাপদ হওয়ার পাশাপাশি সরকারি সেবা পৌঁছে দেয়া সহজ হবে।

জঙ্গল সলিমপুরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য জায়গা নির্ধারণ করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক এসব স্থান, নির্মাণাধীন বিজিবি ক্যাম্প ও অন্যান্য উন্নয়নকাজ ঘুরে দেখেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা জঙ্গল সলিমপুরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই। এখানকার মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি উন্নত নগরের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

এ সময় আলীনগর স্কুলের প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষকদের বেতনসংক্রান্ত বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জবাবে জেলা প্রশাসক প্রাথমিকভাবে শিক্ষক-কর্মচারীদের এক মাসের বেতনের অর্থ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়ার ব্যবস্থা করার কথা জানান। পরবর্তী মাসগুলোর বেতন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিচালনা নিয়েও সরকারের সাথে আলোচনা করা হবে। প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির দায়িত্ব সরকারিভাবে নেয়ার প্রস্তাব দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, ‘এই শিক্ষার্থীরা আমাদের সমাজের প্রাণ। তাদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চাই।’ শিক্ষক-শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১০০টি স্কুলব্যাগ, ২০০টি ফলদ গাছের চারা এবং ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে চকলেটও দেয়া হয়।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, শিক্ষকদের সম্মান করা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক।

জঙ্গল সলিমপুর নিয়ে ‘মিথ্যা প্রপাগান্ডা’ ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এখানকার শিশুরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে যাচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। এসব দৃশ্য দেখলে এলাকাটি সম্পর্কে অনেকের ধারণা বদলে যেত।

৯ মার্চ জঙ্গল সলিমপুরে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সময় সহযোগিতা করায় আলীনগর স্কুল ও এসএম পাইলট স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের জন্য বিদ্যালয় দুটি জায়গা দিয়েছিল বলে জানান তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, জেলা আনসার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন ও সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন