নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: ১৬:১৪, ৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (৮অক্টোবর) ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয় স্থানীয় একটি সংবাদমাধ্যমে রক্তের অভাবে প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন আটকে থাকার সংবাদ প্রচারিত হয়। বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এর নজরে আসে। পরে তিনি তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা করার উদ্যোগ নেন।
পুলিশ সুপারের উদ্যোগে জেলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল রায়হান তালুকদার স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন। প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা হওয়ায় প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন সময়মতো সম্পন্ন করা সম্ভব হয়।
এ ঘটনায় পুলিশ সুপার কনস্টেবল রায়হান তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
প্রসূতি মায়ের পরিবারের সদস্যরা রক্তদাতা কনস্টেবল রায়হান তালুকদার এবং ভোলা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রমেও তারা কাজ করে যাচ্ছে।