বিধবা মা’কে উত্যক্ত করায় চাচাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা ভাতিজার

হিমেল আহাম্মেদ, কোম্পানীগঞ্জ(নোয়াখালী)

প্রকাশ: ০০:৩৮, ১০ অক্টোবর ২০২৬

বিধবা মা’কে উত্যক্ত করায় চাচাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা ভাতিজার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিধবা মাকে বারবার উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে চাচা আবুল কাশেমকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা রিহানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাছনি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আবুল কাশেমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেমের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী চার বছর আগে মারা যান। অন্যদিকে, তাঁর চাচাতো ভাই আবু নাছের প্রায় দেড় বছর আগে তিন ছেলেকে রেখে মারা যান। নাছেরের মৃত্যুর পর তাঁর স্ত্রীকে আবুল কাশেম বারবার বিয়ের প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।

ওই নারী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও তাঁকে নিয়মিত উত্যক্ত করা হতো বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় সামাজিক সালিশও বসে। সালিশে আবুল কাশেমকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দেওয়া হলেও উত্যক্ত করার ঘটনা বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে নাছেরের নবম শ্রেণিতে পড়ুয়া মেজো ছেলে রিহান তাঁর চাচা আবুল কাশেমকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা আহত কাশেমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন