মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ: ১৭:০৪, ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা এ তথ্য জানিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কাপ্তাইয়ে কেপিএমের গেস্ট হাউসে কারখানার বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিসিআইসি চেয়ারম্যান বলেন, কেপিএম একসময় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে সুনামের সঙ্গে পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানটিকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার লক্ষ্যে বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে সরকার।
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএমের উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি ও মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, কেপিএম সিবিএর সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ারসহ কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় কেপিএমের সার্বিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং কারখানাটিকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এর আগে কেপিএমের গেস্ট হাউসে পৌঁছালে বিসিআইসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও সিবিএ নেতারা। এ সময় কারখানার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি গেস্ট হাউসের পাশে একটি গাছের চারা রোপণ করেন।
মতবিনিময় সভা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে বিসিআইসি চেয়ারম্যান কেপিএম কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।