ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩:৪৭, ১৬ অক্টোবর ২০২৬
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সার্বিক পরিবহনের একটি বাসের ধাক্কায় হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পূজার ছুটিতে শুক্রবার দুপুরে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সার্বিক পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, সার্বিক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।