সাগর চন্দ্র শীল দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২৩:৫০, ১৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীর দুমকি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি পূজামণ্ডপে এবার দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
আজ ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
উপজেলা সূত্রে জানা গেছে, এবার মুরাদিয়া ইউনিয়নে সর্বোচ্চ চারটি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া শ্রীরামপুর, আঙ্গারিয়া ও পাঙ্গাশিয়া ইউনিয়নে দুটি করে এবং লেবুখালী ইউনিয়নে একটি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
মুরাদিয়া ইউনিয়নের চারটি মণ্ডপ হলো বোর্ড অফিস দাসবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির, মুরাদিয়া ঠাকুরবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা ও কালীমন্দির, মধ্য মুরাদিয়া মাস্টারবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির এবং দক্ষিণ মুরাদিয়া ভক্তবাড়ি সার্বজনীন নবজাগরণ দুর্গামন্দির।
শ্রীরামপুর ইউনিয়নে দুমকি নতুন বাজারের কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী হরিমন্দির ও রাজাখালী হাওলাদারবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরে পূজা হবে। আঙ্গারিয়া ইউনিয়নে দক্ষিণ জলিশা গাইনবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির এবং পশ্চিম আঙ্গারিয়া মণ্ডলবাড়ি সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ দুর্গামন্দিরে আয়োজন করা হয়েছে পূজার।
অন্যদিকে, লেবুখালী ইউনিয়নের গোসাইবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির এবং পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া সাহাবাড়ির শ্রীশ্রী জয়গুরু মন্দির ও উত্তর পাঙ্গাশিয়া সার্বজনীন শারদীয় দুর্গামন্দির কমপ্লেক্সে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা ও আনুষঙ্গিক কাজের শেষ প্রস্তুতি। পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের অপেক্ষায় রয়েছেন আয়োজকেরা।