ইয়াছিন মাহমুদ (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ২৩:৫৬, ১৬ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬ খ্রি.) পরিদর্শনের শুরুতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সহযোগিতা, সর্বোচ্চ সতর্কতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় কমিটির সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম সেবা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
সম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সকলের জন্য একটি নিরাপদ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দময় ও শান্তিপূর্ণ হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের।
পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয় পূজা উদযাপন পরিষদ, পূজা মণ্ডপ কমিটি এবং সেখানে উপস্থিত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।