ইয়াছিন মাহমুদ,(ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ২৩:৫৩, ১৬ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
এ উপলক্ষে জেলার পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম (পিপিএম-সেবা) এর নির্দেশনায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ও সদস্যদের নিয়ে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে দায়িত্ব পালনকারী অফিসার ও পুলিশ সদস্যদের অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়। একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে যেন দুর্গাপূজা উদযাপিত হতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা সার্থান্বেষী গোষ্ঠী যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কঠোর সতর্ক অবস্থানে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত ব্রিফিং প্যারেডে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট সকল অফিসার ও পুলিশ সদস্য এতে উপস্থিত ছিলেন।