খুলনার রূপসা ঘাটে জোড়া লাশ উদ্ধার

এস কে রবিউল ইসলাম, খুলনা

প্রকাশ: ১৬:১৫, ২ নভেম্বর ২০২৬

খুলনার রূপসা ঘাটে জোড়া লাশ উদ্ধার

খুলনার রূপসা উপজেলার সিংহেরচর এলাকার ‘আলম মেম্বারের ঘাট’সংলগ্ন রূপসা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির ভেসে আসা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নদী থেকে জোড়া লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া দুটি লাশের একটিরও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (আজ) সিংহেরচর এলাকার আলম মেম্বারের ঘাটের কাছে রূপসা নদীর কিনারে দুটি মরদেহ একসঙ্গে ভেসে থাকতে দেখেন স্থানীয় ঘাটের মাঝি ও বাসিন্দারা। পরবর্তীতে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রূপসা থানা ও সংশ্লিষ্ট নৌ-পুলিশে খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ও নৌ-পুলিশের যৌথ একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহ দুটির বয়স ও পরিচয় নির্ধারণের কাজ চলছে। আশপাশের বিভিন্ন থানায় নিখোঁজের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং ফিঙ্গারপ্রিন্টসহ আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, নদীর কিনারে ভেসে আসা মরদেহ দুটি কি রূপসার স্থানীয় নাকি দূর থেকে ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। হত্যা নাকি কোনো নৌ-দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে—তা নিশ্চিত হতে মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে একই স্থান থেকে দুটি মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘাটে উৎসুুক জনতার ভিড় জমে। স্থানীয় পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে যে, উদ্ধার হওয়া মরদেহ দুটির সুষ্ঠু পরিচয় নিশ্চিতকরণ, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন