সেনবাগে ৬২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, মিনি ট্রাক জব্দ

মোঃ হাবিবুর রহমান, সেনবাগ (নোয়াখালী)

প্রকাশ: ১৬:২৪, ৫ নভেম্বর ২০২৬

সেনবাগে ৬২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, মিনি ট্রাক জব্দ

নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পোটন মিনি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে বেগমগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত মনীষ দাশ এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এ সময় নোয়াখালী থেকে ফেনীগামী একটি দ্রুতগতির নীল রঙের পোটন মিনি ট্রাককে থামার সংকেত দিলে গাড়িটি থামায়। পরে চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে হেলপার সৈয়দ নুরকে আটক করা হয়। তবে গাড়ির চালক মো. শাহেদ (৩৫) রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে মিনি ট্রাকটি তল্লাশি করে গাড়ির ডান পাশের বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩১টি সাদা ও কালো স্কচটেপে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতরে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার মোট ওজন ৬ কেজি।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড-১২-৭৫৮৪ নম্বরের মিনি ট্রাক এবং গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত একটি পুরোনো আইটেল স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হেলপার সৈয়দ নুর স্বীকার করেছে, গাড়ির চালক মো. শাহেদ, গাড়ির মালিক মো. রবিউল আলম (৩২) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করা হয়। পরে নোয়াখালীর চরজব্বর হয়ে নরসিংদী জেলায় পৌঁছে বিক্রির উদ্দেশ্যে তারা রওনা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি, পলাতক চালক, গাড়ির মালিক ও অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০২, তারিখ ৫ নভেম্বর ২০২৬। জিআর নম্বর ১৭৩।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তার এবং মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন