পাঁচবাগে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, একই পরিবারের ৬ জন আহত

নূর মুহাম্মদ আজাদী দক্ষিণ গফরগাঁও ময়মনসিংহ প্রতিনিধি 

প্রকাশ: ২০:১৭, ৮ নভেম্বর ২০২৬

পাঁচবাগে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, একই পরিবারের ৬ জন আহত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২ নম্বর পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ সময় বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ লামকাইন গ্রামের ১ নম্বর ওয়ার্ডে জমিজমা নিয়ে রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে স্থানীয় অপর একটি পক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভোর আনুমানিক ৫টার দিকে রফিকুল ইসলামের বাড়িতে ঘুমন্ত পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ সময় নগদ ৩ লাখ টাকা, স্বর্ণালংকার, গরু ও ঘরের আসবাবপত্র লুট করে নেওয়ার অভিযোগও রয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
দক্ষিণ গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে 

আহতরা হলেন— আবু সাহিদ (৭০), আক্রাম হোসেন (৫৫), আরিফ মিয়া (৩২), রিপন মিয়া (৫৫), শফিকুল ইসলাম (৫৮) ও ইসমাইল (৩৫)।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন