ভালুকায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

হৃদয় আহমেদ  ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রকাশ: ২০:৪০, ৮ নভেম্বর ২০২৬

ভালুকায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ভালুকা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক পটভূমি, জাতীয় জীবনে এর প্রভাব এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে তিনি বক্তব্য দেন। তিনি বলেন, জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, মজিবুর রহমান মজু, সাখাওয়াত হোসেন পাঠান, উসমান গনী মল্লিক মাখন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন