স্টেশনে মোবাইল ছিনতাই, ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৪:১৭, ৯ নভেম্বর ২০২৬

স্টেশনে মোবাইল ছিনতাই, ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পর ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোরে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাজ্জাক তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চিলাহাটির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ট্রেনটি সৈয়দপুর স্টেশনে থামলে জানালার পাশে বসে তিনি মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী জানালা দিয়ে তাঁর ফোনটি ছিনিয়ে নেয়।

ফোন ছিনতাইয়ের পর রাজ্জাক ট্রেন থেকে নেমে ছিনতাইকারীদের ধাওয়া করেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে সেটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরও পড়ুন