রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৯, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় প্রবেশ করে লিমন মিয়া। এ সময় ছুরিকাঘাতে বিচারকের ছেলে তাওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা করে সে। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও আহত করে।
ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারী লিমন মিয়াও আহত হয়। পরে বিচারকের স্ত্রী ও লিমন মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় হত্যাকাণ্ডের পরদিন বিচারক মোহাম্মদ আবদুর রহমান বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় লিমন মিয়াকে মৃত্যুদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
শীর্ষ সংবাদ: