মিরপুরে শ্রমিকদের অবরোধ, মুখোমুখি অবস্থানে পুলিশ ও শ্রমিকরা 

ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৬, ১৭ নভেম্বর ২০২৬

মিরপুরে শ্রমিকদের অবরোধ, মুখোমুখি অবস্থানে পুলিশ ও শ্রমিকরা 

মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদ এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০ শ্রমিক পল্লবী ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

শ্রমিকদের সড়ক অবরোধের ফলে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের দাবি আদায়ের পক্ষে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন  "অগ্রযাত্রা প্রতিদিন" কে বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন