ঈদগাঁওয়ে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ১

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশ: ২০:১৮, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওয়ে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ১

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঈদগাঁও থেকে চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে আহত অপর একজন চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসের সঙ্গে সংঘর্ষের পর সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন