এনামুল হক রাশেদী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩:১৯, ২৬ নভেম্বর ২০২৬
গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হানের অবস্থান শনাক্ত ও তাকে গ্রেফতারের লক্ষ্যে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সিরাজুল ইসলাম, পিপিএম-সেবার নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ, পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, শটগানের কার্তুজ ও খালি খোসা উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিন ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তার সহযোগীরা পাহাড়ের আরও গভীরে পালিয়ে যায় বলে জানানো হয়।
এরই মধ্যে ২৩ নভেম্বর সন্ধ্যায় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় রায়হান ও তার সহযোগীরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ছয়জন সাধারণ মানুষ শটগানের গুলিতে আহত হন। এ সময় স্থানীয়রা তাদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশার চালক মোঃ জাবেদ হোসেনকে আটক করেন।
পরে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রাতভর অভিযান, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম চালান। ২৪ ও ২৫ নভেম্বরও অভিযান অব্যাহত থাকে।
২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূজপুর থানাধীন কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মোঃ সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেফতার করা হয়।
তাদের তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়ি থেকে মোঃ ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেফতার করা হয়। তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।
পরে বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে রায়হানের আশ্রয়দাতা মহররম আলীকে (২৮) গ্রেফতার করা হয়। তার দেখানো মতে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত মহররম আলীর বাড়িতে অবস্থান করে পালিয়ে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তার কাছে রেখে যায়।
এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দে (৬৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছয়জন হলেন মোঃ এমরান হোসেন মাসুদ, কাজী মোঃ সাইদুল ইসলাম সৌরভ, মোঃ ইকতিয়ার ফরহাদ, মোঃ মহররম আলী, জনার্ধন দে ও মোঃ জাবেদ হোসেন।
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি ইতালির তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা বন্দুক, ১২ রাউন্ড শটগানের শীসা কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম ও একটি মোটরসাইকেল।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি পরিবেশ ও সশস্ত্র সন্ত্রাসীদের সম্ভাব্য হামলার ঝুঁকি মোকাবিলা করে পুলিশ সদস্যরা পেশাদারত্ব ও সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেছেন। অভিযানে স্থানীয় জনগণও পুলিশকে সহযোগিতা করেছেন।
শীর্ষ সংবাদ: