নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৯, ১০ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জের করিমগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুরে করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামে সিপিসি-২, এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের মোঃ হৃদয় মিয়া (২৮), হবিগঞ্জের মোঃ জসিম মিয়া (২৭) এবং একই জেলার মোঃ কালা মিয়া (২৬)।
এসআরবি সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১:১৫ ঘটিকায় নানশ্রী গ্রামে অভিযানের সময় পোশাক পরিহিত এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামিরা দুটি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দলটি ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আসামিরা বস্তায় গাঁজা থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্লাস্টিকের বস্তা দুটি থেকে বিশেষ কায়দায় রাখা ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জ ও এর আশেপাশের জেলাগুলোতে বিক্রি করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।