তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৫৭, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:১০, ১১ অক্টোবর ২০২৬

তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের জবানবন্দি

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার অটোরিকশাচালক সুমন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তার ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পর তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সুমনকে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। বিচারক মমিনুল হকের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য তাকে উপস্থাপন করা হয়। কয়েক ঘণ্টা পর তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান জানান, বিচারক মমিনুল হকের সামনে আসামি সুমন হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া শেষে শনিবার রাত ৭টা ২০ মিনিটে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বুধবার রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৩০০ টাকা ভাড়ায় তাজমিনকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় ওঠান সুমন। পরে তাকে লালমাইয়ের একটি ফসলি জমিতে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয় বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর তাজমিনের আইফোনটি কুমিল্লায় বন্ধ করে চট্টগ্রামে পালিয়ে যান সুমন। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার একটি জঙ্গল থেকে তাজমিনের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অনিয়মিত শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি যশোরে। পরিবারের সঙ্গে সে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন