বরিশালে ১৩ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৪, ১১ অক্টোবর ২০২৬

বরিশালে ১৩ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে ক্লুলেস হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার দুজন হলেন মো. হাসান সিকদার (৩৭) ও মো. রাসেল সিকদার (৩০)। এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-৩, মগবাজার, ঢাকার একটি যৌথ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে হাসান সিকদারকে এবং হাতিরঝিল এলাকা থেকে রাসেল সিকদারকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর নলুয়া এলাকার বাসিন্দা।

এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকেরগঞ্জ থানার হত্যা মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিশেষ দায়রা মামলা নম্বর ১৪৩/১৬, বাকেরগঞ্জ থানার মামলা নম্বর ১৬ এবং জিআর নম্বর ৩৭/১৩-এর এই মামলাটি দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় করা হয়েছিল।

মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একই মামলার অপর ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাঁদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে এসআরবি-৮-এর অধিনায়কের কাছে পরোয়ানা তামিলের জন্য অধিযাচনপত্র পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর হাসান সিকদারকে যাত্রাবাড়ী থানায় এবং রাসেল সিকদারকে হাতিরঝিল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন