মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল
প্রকাশ: ১৫:২৬, ১১ অক্টোবর ২০২৬
আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল-লক্ষিপাশা মহাসড়কের মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর থেকেই নড়াইল-লক্ষিপাশা মহাসড়কের মালিবাগ এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ৬টার দিকে একটি লক্ষিপাশাগামী সন্দেহভাজন প্রাইভেটকার মালিবাগ এলাকায় পৌঁছালে পুলিশ সেটির গতিবিধি রোধ করে।
পরবর্তীতে গাড়িটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হলে, পেছনের মালামাল রাখার ট্রাংকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের বস্তার সন্ধান মেলে। ওই বস্তাটি খুলে ভেতরে থাকা ৫০ বোতল অবৈধ ভারতীয় আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে গাড়ির চালক ইমরান হোসেনকে আটক এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকসহ একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সিরাপগুলো মূলত ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার করে দেশের অভ্যন্তরে আনা হয়েছিল।
তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের এই চালানের সাথে আর কারা জড়িত এবং এর মূল গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।