জয়পুরহাটে বিজিবির অভিযানে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

আরিফুল ইসলাম, জয়পুরহাট

প্রকাশ: ১৭:১৪, ১১ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে বিজিবির অভিযানে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

‎জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ অক্টোবর) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ব্যাটারিচালিত ভ্যান থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়।
‎
‎বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল পুরানপৈল বাইপাস মোড়ের পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে দুই কার্টন নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ পাওয়া যায়।
‎
‎উদ্ধার করা সিরাপগুলো ‘একেএল ওয়ান’ ব্র্যান্ডের। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৭৬৮ বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে।
‎
‎এ ঘটনায় উদ্ধার করা সিরাপের বিষয়ে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন