নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪২, ১৮ অক্টোবর ২০২৬
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পৃথক অভিযানে হত্যা মামলার পলাতক আসামি ও ১১৫ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে হত্যা মামলার আসামি উজ্জল মিয়া (৪০) এবং টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে হেরোইনসহ আয়শা খাতুন শিল্পীকে (৩৭) আটক করে এসআরবি-১৪-এর সদস্যরা।
এসআরবি সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুরে পারিবারিক বিরোধ ও বিয়েসংক্রান্ত বিরোধের জেরে গত ২ অক্টোবর পল্লী চিকিৎসক মো. রফিকুল ইসলাম ওরফে বাবুর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর চাচাতো ভাই দুলাল মোল্লা (৩৬) হামলার শিকার হন। গুরুতর আহত দুলালকে প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ অক্টোবর তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে নাগরপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় এসআরবি-১৪-এর টাঙ্গাইল ক্যাম্পের সিপিসি-৩-এর একটি দল। এর ধারাবাহিকতায় গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে এসআরবি-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টা ৫ মিনিটের দিকে মধুপুর থানাধীন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রক্তিপাড়া সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসায় এসআরবি-১৪-এর আরেকটি দল। এ সময় এলেঙ্গা থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে যাত্রীবেশে থাকা আয়শা খাতুন শিল্পীকে আটক করা হয়।
পরে তাঁর সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় একটি মুঠোফোনও জব্দ করা হয়।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।