তিতুমীর ক্যাম্পাসে ছাত্রশিবিরের ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ

মোঃ ইকরাম হাসান, তিতুমীর কলেজ

প্রকাশ: ১২:০৭, ৪ অক্টোবর ২০২৬

তিতুমীর ক্যাম্পাসে ছাত্রশিবিরের ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিতুমীর ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখার লাগানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। 

জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ কার্যক্রমে অংশগ্রহণ ও রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে তিতুমীর কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তিনটি ব্যানার লাগায় তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবির।

তবে শনিবার (৩ অক্টোবর) রাতে সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শিবিরের লাগানো তিনটি ব্যানারের মধ্যে দুটি অক্ষত রয়েছে। অন্যদিকে, বাঁশেরকেল্লা ক্যান্টিনের পাশে লাগানো একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ব্যানারটির সম্পূর্ণ অংশ ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

এ বিষয়ে তিতুমীর কলেজের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বললে তারা জানান, কারা বা কখন এসে ব্যানারটি ছিঁড়ে ফেলেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না। ব্যানার ছিঁড়ে ফেলার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে সরকারি তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি সোহেল রানা অগ্রযাত্রা প্রতিদিন কে জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম সহজ করতে ক্যাম্পাসে আমরা তিনটি ব্যানার লাগিয়েছিলাম। নবীনবরণ শেষ হওয়ার পর ব্যানারগুলো আমরা নিজেরাই সরিয়ে ফেলতাম। কিন্তু তার আগেই কে বা কারা ব্যানারগুলো ছিঁড়ে ফেলেছে।

তিনি আরও বলেন,নবীনবরণ কেন্দ্রিক এসব ব্যানার কোনো রাজনৈতিক ব্যানার নয়, বরং শিক্ষার্থীবান্ধব একটি কর্মসূচির অংশ। কারা এ কাজ করেছে, তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের জবাবদিহি চাই। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হলে ছাত্রশিবির তা মোকাবিলা করবে।

এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম বলেন,নবীনবরণের কোনো বাধা হিসেবে দেখতেছি না। আমরা আমাদের নবীনবরণ শেষ করবোই যেকোনো মূল্যে। এর আগেও প্রোগ্রামে বাধা দেওয়া হয়েছিল, সে ক্ষেত্রে ঘটনাগুলোকে আমরা উস্কানি হিসেবে দেখছি। কিন্তু আমরা এই উস্কানিতে পা দিব না। আমরা সাধারণ ছাত্রদের জন্য কাজ করছি, সাধারণ ছাত্রদের নবীনবরণ করেই তারপরে আমরা শেষ হব, ক্ষান্ত হব।

তিনি আরও বলেন,ঘটনার সাথে তো সাধারণ কোনো শিক্ষার্থীর সম্পর্ক থাকা স্বাভাবিক নয়। এটা কোনো একটা রাজনৈতিক সংগঠন বা কোনো গোষ্ঠীর পক্ষ থেকে হয়েছে, যারা আমাদের সাথে রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে ব্যানার ছিঁড়েছে। গতবছর ওহ নবীনবরণের ব্যানার ছিঁড়ে তারা একটা অঘটনের সূচনা করেছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন