এস কে রবিউল ইসলাম, খুলনা
প্রকাশ: ১০:৪৯, ৩ অক্টোবর ২০২৬
জানা গেছে, ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০-১২ জন শিক্ষার্থী সজল (২৪) নামে এক যুবককে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের গেটের সামনে নিয়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। সজল হল রোড, ইসলামনগর এলাকার বাসিন্দা।
এ সময় স্থানীয়রা তাকে ছাড়িয়ে আনতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা হল রোডে অবস্থান নিয়ে অবরোধ করেন এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের জড়ো করা হয়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও খানজাহান আলী হলের গেটে অবস্থান নেন।
একপর্যায়ে শিক্ষার্থীরা স্থানীয়দের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. সালাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) হুমায়ূন কবির এবং হরিণটানা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে উভয় পক্ষকে শান্ত করা হয়।
জানা গেছে, ফেসবুকে পোস্টকারী সজল বর্তমানে হরিণটানা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।