নতুন ইনচার্জের যোগদান ঠেকাতে শিক্ষার্থীদের শাটডাউন

মোঃ আবিদ সরকার 

প্রকাশ: ১৬:১৪, ১৫ অক্টোবর ২০২৬

নতুন ইনচার্জের যোগদান ঠেকাতে শিক্ষার্থীদের শাটডাউন

বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে টানা তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাঁদের বিরোধিতার মুখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজে যোগদান করতে পারেননি নবনিযুক্ত ইন্সট্রাক্টর ইনচার্জ মাকসুদা ইয়াসমিন। এ পরিস্থিতিতে কলেজের পাঠদানসহ সব একাডেমিক কার্যক্রম ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন কলেজে পৌঁছালে তাঁকে প্রবেশে বাধা দেন আন্দোলনকারীরা। এ সময় বদলির আদেশ বাতিলের দাবিতে স্লোগান দেন তাঁরা।

শিক্ষার্থীদের দাবি, শেরপুর নার্সিং ইনস্টিটিউটে দায়িত্ব পালনকালে মাকসুদা ইয়াসমিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর আচরণ শিক্ষার্থীবান্ধব ছিল না বলেও অভিযোগ করেন তাঁরা। এ কারণে তাঁকে জামালপুর কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ হিসেবে মেনে নিতে চান না আন্দোলনকারীরা।

আন্দোলনরত একাধিক শিক্ষার্থী জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। মাকসুদা ইয়াসমিনের পরিবর্তে অন্য কাউকে এ পদে নিয়োগ দেওয়া হলে তাঁদের আপত্তি নেই।

কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সামিনা আক্তার বলেন, আন্দোলনের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষকরা কলেজে প্রবেশ করতে না পারায় ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রয়েছে।

অন্যদিকে, যোগদানে বাধা দেওয়ার বিষয়ে মাকসুদা ইয়াসমিন বলেন, তাঁর যোগদান ঠেকানোর পেছনে চক্রান্ত রয়েছে। আন্দোলনকারীদের বাধার কারণে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তিনি।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক আদেশে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদাকে শেরপুরে এবং শেরপুরের মাকসুদা ইয়াসমিনকে জামালপুরে বদলি করা হয়। এ আদেশের পর থেকেই বদলি বাতিলের দাবিতে আন্দোলন করছেন জামালপুরের শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন