ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩:০৫, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় পিবিআই ফরিদপুর জেলা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
পিবিআই সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড থেকে ২০০ টাকা ভাড়ায় তালমা যাওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া করে। পরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় পৌঁছালে চক্রের সদস্যরা রুমালের মধ্যে চেতনানাশক ব্যবহার করে চালক বিশ্বনাথ সরকারকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন বিশ্বনাথ সরকারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রবি কুমার সরকার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা ও ছিনতাইয়ের মামলা করেন। মামলা দায়েরের তিন মাস পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
পিবিআইয়ের পুলিশ সুপার জানান, গত ১৪ অক্টোবর রাতে শহরের ফলপট্টি এলাকা থেকে মুরাদ শেখকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে পাঠানো হলে তিনি চালককে হত্যার ঘটনা ও ইজিবাইক ছিনতাইয়ের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গ্রেপ্তার মুরাদ শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। এর আগে এ ঘটনায় গ্যারেজ মালিক কামাল ও সুমন আহমেদ নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের বাকি দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পিবিআইয়ের পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।