নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২১:১৪, ২২ নভেম্বর ২০২৬
রবিবার (২২ নভেম্বর) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘একজন উন্নয়নকামী মানুষ হিসেবে তাদের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে তাদের সব অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা বিভিন্ন ইস্যু সামনে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমার মনে হয় তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। আর যদি তারা মনে করেন, দেশের প্রচলিত আইনে তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে যাচ্ছেন না কেন? সেখান থেকে ন্যায়বিচার নিয়ে আসছেন না কেন?’
তিনি আরও বলেন, ‘অনেকেই কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদের বলতে চাই, কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে দেবেন না। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন। আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ‘গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা নতুন করে আবারও তাদের ফ্যাসিবাদী শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দিতে চান।’
তিনি আরও বলেন, ‘আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চা করুন। বর্তমান সময়ে গণতান্ত্রিক চর্চায় কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশ করতে পারছে। গত ১৭ বছরে আপনারা যে অপকর্ম করেছেন, তার খেসারত দিন। কিছুদিন চুপ থাকুন। অনুগ্রহ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য কখনো একটি জাতির জন্য ভবিষ্যৎ বয়ে আনতে পারে না।’
এ ছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শীর্ষ সংবাদ: