‎সংস্কারের পরও বেহাল দশায় পাবিপ্রবির কেন্দ্রীয় মাঠ

‎পাবিপ্রবি প্রতিনিধি:

প্রকাশ: ২১:২৫, ২২ নভেম্বর ২০২৬

‎সংস্কারের পরও বেহাল দশায় পাবিপ্রবির কেন্দ্রীয় মাঠ

‎সংস্কারের জন্য প্রায় ১০ লাখ টাকা ব্যয় করা হলেও সামান্য বৃষ্টিতেই খেলার অনুপযোগী হয়ে পড়ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠ। মাঠজুড়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা ও কাদার সৃষ্টি।

পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকা এবং মাঠের অসমতল অবস্থার কারণে খেলাধুলা করতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। মাঠের সমস্যার কারনে অনুশীলন ও নিয়মিত খেলাধুলা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
‎
‎সরেজমিনে দেখা যায়, টানা দুই দিনের বৃষ্টিতে মাঠের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাঠের বিভিন্ন অংশে উঁচু-নিচু জায়গা ও গর্ত থাকায় সেখানে পানি আটকে রয়েছে। পানি নিষ্কাশনের দৃশ্যমান কোনো ব্যবস্থা না থাকায় মাঠ শুকাতেও সময় লাগছে। বিশ্ববিদ্যালয়ে বিকল্প খেলার মাঠ না থাকায় বিপাকে পড়েছেন খেলোয়াড়রা। শিক্ষার্থীরা দ্রুত মাঠ সমতল করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্রিকেট অনুশীলনের জন্য পিচ তৈরির দাবি জানিয়েছেন।
‎
‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মাঠ সংস্কারের অংশ হিসেবে প্রায় ১ লাখ ২০ হাজার ঘনফুট মাটি ফেলা হয়েছে। এ কাজে প্রায় ১০ লাখ টাকা বরাদ্দ ছিল। তবে মাটি ভরাটের পর মাঠটি যথাযথভাবে সমতল করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। ফলে সংস্কারের পরও মাঠটি খেলাধুলার উপযোগী হয়ে ওঠেনি।
‎
‎পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের সভাপতি ইয়ামিন বলেন, ‘মাঠটি এখনো পুরোপুরি খেলার অনুপযোগী। আট মাস ধরে সংস্কারের পরও প্রশাসন কীভাবে কাজ সম্পন্ন করেছে, তা আমাদের বোধগম্য হচ্ছে না। এখনো মাঠে খেলতে গেলে দেখি পানি জমে আছে। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে। তাহলে সংস্কার করে লাভ কী, যদি আমরা খেলতেই না পারি?’
‎
‎তিনি আরও বলেন, ‘মাঠে যদি এভাবে পানি জমে থাকে, তাহলে আমরা খেলব কোথায়? আমরা একটি সুন্দর ও খেলার উপযোগী মাঠ চাই। আট মাস অপেক্ষার পরও যদি এমন মাঠ পাওয়া যায়, যেখানে পানি জমে থাকার কারণে খেলাধুলা করা সম্ভব নয়, তাহলে এই সংস্কারের কোনো সুফল কী?’
‎
‎বিশ্ববিদ্যালয়ের স্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার সুজা উদ্দিন ডাবলু বলেন, ‘মাঠে মাটি ভরাট করা হয়েছে। মাঠটি খেলার উপযোগী করতে লেভেলিংসহ অন্যান্য কাজের জন্য আরেকটি কমিটি করা হয়েছিল।’
‎
‎ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক রাশেদুল হক বলেন, এই কাজের একটা কমিটি ছিল তাদের কাজ ছিল মাঠে মাটি ফেলানো আর সাধারণভাবে সমান করা। নাজমুল স্যার কমিটিতে ছিলেন তিনি নিজ উদ্যোগে সমান করে দিয়েছেন। এখন সমান করতে এগুলো মেশিন দিয়ে সম্ভব না লেবার দিয়ে করতে হবে এখানে লেবার লাগবে অনেক। আগের কমিটির কাজ শেষ নতুন কমিটি করে এগুলোর কাজ করতে হবে। মাটি ফেলানোর পর প্রেসার দিয়ে একটা মেশিন এনে এটা সমান করছে। মেশিনের কাজ নাই লেবার দিয়ে কাজ সম্পন্ন করতে হবে। আশাকরি সামনে হবে আমি বলবো এটা করার জন্য। এটা কাজ শেষ করতে টাকা পয়সার প্রয়োজন আছে শুধু মাটি কেনা হয়েছে এবং সমান করা হয়েছে। এখন ম্যানুয়ালী তা করতে হবে মাটি দিয়ে সমান করে দিলেই হয়ে যাবে।

‎এ বিষয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমুল ইসলাম বলেন, কমিটির দায়িত্বে যে কাজ ছিল তা শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। 

‎ শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. এনামুল হক  বলেন, যতটুকু ওদের কাজ ছিল মাটি উপরে দেওয়া তা কমপ্লিট হয়ে গেছে আরো যদি কিছু করা লাগে পরে করতে হবে। টুর্নামেন্ট এখন হচ্ছে না। টুর্নামেন্ট পরে হবে, এখনই হচ্ছে না। এই মুহূর্তে টুর্নামেন্ট করা যাচ্ছে না। মাঠের কাজ শেষ হয়েছে, আমাদের আপাতত যে প্রজেক্টের কাজ ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে । যদি আরো কিছু করার লাগে সেটা পরবর্তী করতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন