অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২:৫৮, ২৯ আগস্ট ২০২৫
ভিডিও প্রেজেন্টেশন দ্রুত ও সহজে তৈরির সুযোগ দিতে গত বছর সীমিত পরিসরে ভিডস চালু করেছিল গুগল। গুগলের তথ্যমতে, ব্যবহারকারীরা শুধু বিষয়বস্তু লিখলেই অ্যাপটি সম্ভাব্য দৃশ্য, স্টক ছবি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করে ভিডিও তৈরি করে দেয়। পাশাপাশি ওয়ার্কস্পেসের মাধ্যমে এআইনির্ভর স্টোরিবোর্ডও তৈরি করা যায়।
তবে গুগল জানিয়েছে, উন্মুক্ত সংস্করণে অ্যাপটির বেশির ভাগ সুবিধা পাওয়া গেলেও কিছু নতুন ফিচার ব্যবহার করা যাবে না। এর মধ্যে অন্যতম হলো এআই-তৈরি অ্যাভাটার, যা ব্যবহারকারীর হয়ে বার্তা উপস্থাপন করতে সক্ষম। উন্মুক্ত সংস্করণে আট সেকেন্ডের ভিডিও তৈরির সুযোগ থাকবে এবং চাইলে ব্যবহারকারীরা সেটি নিজেদের প্রেজেন্টেশনে যুক্ত করতে পারবেন।
গুগলের মতে, ভিডসের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই পণ্য প্রদর্শনী, প্রশিক্ষণ কিংবা সহায়ক কনটেন্ট তৈরি করতে পারবে। গুগলের পণ্য বিভাগের পরিচালক বিষ্ণু শিবাজি জানান, বাস্তবে অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে ১০ মিনিটের একটি ভিডিও তৈরি করতে কখনো কখনো ছয় মাস পর্যন্ত সময় লেগে যায় এবং খরচ হয় কয়েক হাজার ডলার। কিন্তু ভিডস ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো অনেক দ্রুত ও কম খরচে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবে।