যুব উন্নয়নের সেই পরীক্ষা শেষ, ফল প্রকাশ পর্যন্ত তদারকি করবেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ২১:৫৭, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০০, ১৬ অক্টোবর ২০২৬

যুব উন্নয়নের সেই পরীক্ষা শেষ, ফল প্রকাশ পর্যন্ত তদারকি করবেন প্রতিমন্ত্রী

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে শুক্রবার বিকেলে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

এ সময় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নিজে তদারকি করবেন।

আমিনুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের ছয়জনকে ইতিমধ্যে স্পেশাল ফোর্স বা এসআরপির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অভ্যন্তরীণ ও বাহ্যিক সব ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের পরীক্ষা স্থগিত হওয়ায় এবার নিয়োগ প্রক্রিয়ায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সচিবালয়ে রাত জেগে নিজে উপস্থিত থেকে তদারকি করেছেন বলে জানান প্রতিমন্ত্রী।

আমিনুল হক আরো বলেন, আগামীকালের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে। পরবর্তী সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী। গত শনিবার পরীক্ষা দিতে ঢাকায় এসে শেষ মুহূর্তে পরীক্ষা বাতিলের খবর পান তারা। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন