নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮, ১৮ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে বের করে আনা হয়।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিরোধ দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে সংঘর্ষের পর কারখানা এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে।
এদিকে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, সকালে কাফরুল এলাকায় কিছুটা সমস্যা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন আছেন।
শীর্ষ সংবাদ: