জাতির সঙ্গে গাদ্দারি বরদাশত করব না: শফিকুর রহমান

মো:মিজানুর রহমান সাগর,  বাগেরহাট 

প্রকাশ: ১৮:১৫, ৩১ অক্টোবর ২০২৬

জাতির সঙ্গে গাদ্দারি বরদাশত করব না: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনতার ৭ দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের মূল দাবি একটাই, ১২ ফেব্রুয়ারি গণভোটে ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছেন। বিএনপিকে এই রায় বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে গাদ্দারি আমরা বরদাশত করব না। নির্বাচনের আগে আপনারা বলেছিলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ৩৩টি দল তা মেনে নিতে বাধ্য থাকবে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে, এখন আপনাদের সেই রায় মেনে নিতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে খুলনা-মাওয়া মহাসড়কে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদসহ ১১ দলীয় জোটের নেতারা।

এর আগে নওয়াপাড়া মোড়ে নারী নেতাকর্মীদের উদ্দেশে গাড়িতে বসেই বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন