টাঙ্গাইলে মানব পাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ভিকটিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১২, ৩১ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে মানব পাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ভিকটিম

টাঙ্গাইল ও গাজীপুরে পৃথক ও যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মানব পাচার মামলার এক তদন্তাধীন আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় অপহৃত এক ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা থেকে শনিবার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন এলাকা এবং গাজীপুরের জয়দেবপুর থানাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এবং এসআরবি-১-এর পোড়াবাড়ী, গাজীপুর ক্যাম্পের সদস্যরা এসব অভিযানে অংশ নেন।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টাঙ্গাইল সদর থানার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে মানব পাচার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজানুর রহমানকে (৩২) গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার চাষা ভাদ্রা গ্রামের মো. আরফান মোল্লার ছেলে। নাগরপুর থানায় দায়ের করা পিটিশন মামলা নম্বর ১১/১৮-এর মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৯ ধারার মামলায় তাঁর পাঁচ বছরের সাজা হয়েছিল।

অন্যদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে এসআরবি-১৪, টাঙ্গাইল ও এসআরবি-১, পোড়াবাড়ী, গাজীপুর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। শনিবার রাত ১টা ১৫ মিনিটে গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর মনিপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন আইনের মামলার তদন্তাধীন আসামি মো. অপূর্ব রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাঁর হেফাজত থেকে অপহৃত এক ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

এ ছাড়া শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে টাঙ্গাইলের নাগরপুর থানাধীন সেলিমাবাদ রোডের বটতলা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রঞ্জু খানকে গ্রেপ্তার করা হয়। তিনি নাগরপুরের সেলিমাবাদ মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বার খানের ছেলে। ২০১৮ সালের ৩ এপ্রিল দায়ের করা নাগরপুর থানার মাদক মামলায় তাঁর এক বছরের সাজা হয়েছিল।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন