তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৯, ৩১ অক্টোবর ২০২৬

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম।

গতকাল শুক্রবার (৩০ নভেম্বর) রাতে তিনি বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন। তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের দুই দিন পর হত্যা মামলা হলো।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ।

আজ শনিবার সকালে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, হত্যা করে মরদেহ নদীতে ফেলে গুম করার অভিযোগে করা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছ থেকে নিয়ে গেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। এরপর রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপর আর বাসায় ফেরেননি।

পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে তাঁর সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।

পিবিআই জানিয়েছে, তাহসিফ নিখোঁজ হওয়ার আগে গত মঙ্গলবার সন্ধ্যার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে তাঁদের ভবনের নিচে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাহসিফের বন্ধু দীপ বলে শনাক্ত করেন। তাঁরা পরস্পরের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে প্রথমে হেফাজতে নেয় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এটি তাহসিফের মোটরসাইকেল বলে ধারণা পুলিশের।

আরও পড়ুন