রাজশাহীতে এসআরবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৯, ৩১ অক্টোবর ২০২৬

রাজশাহীতে এসআরবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিফাত হোসেন (৩৬), মো. ইব্রাহিম খান (৪০) ও মো. জামাল মিয়া (২৭)। তাঁদের সবার বাড়ি মৌলভীবাজার জেলায়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদক পরিবহনের খবর পেয়ে বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে আভিযানিক দল। এ সময় নেভি-ব্লু ও হলুদ রঙের একটি টাটা এসিই এক্স-২ পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযানকারী দল গাড়িটির গতিরোধ করে।

পরে জিজ্ঞাসাবাদে গাড়িতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন আরোহীরা। এ সময় তাঁদের হেফাজত থেকে ৫২ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন ও পিকআপটি উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাঁদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন