নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১২, ৩১ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াছিন আরাফাত (২৫), পাপ্পু সরকার (২৯) ও মো. রুস্তম আলী পলাশ (২৭)। তাঁদের সবার বাড়ি ময়মনসিংহ জেলায়।
এসআরবি সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন রেলওয়ে জংশনের বলাকা কম্পিউটার গেটের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় দলের অন্য ৮ থেকে ৯ জন সদস্য অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করে একটি ১৩ ইঞ্চি লম্বা ধারালো চাকু, একটি ৯ ইঞ্চি সুইচ গিয়ার চাকু, একটি ছোট ধারালো চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য হিসেবে ময়মনসিংহ ও আশপাশের বিভিন্ন জেলায় দেশীয় অস্ত্রের সাহায্যে আন্তঃজেলা ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাঁদের ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।