রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে আইইএস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী

প্রকাশ: ১৭:০৭, ৩১ অক্টোবর ২০২৬

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে আইইএস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে রাজশাহীর মসজিদ মিশন একাডেমী (স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাইনুদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ও সাবেক সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক আরবি বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী জেলা সভাপতি প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবক ও রাজনীতিবিদ প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন কেন্দ্র সচিব ও পরিচালক মো. শাহাদাৎ হোসাইন। এ সময় স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভা বিকাশে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি আত্মবিশ্বাস, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বিকাশের পাশাপাশি মানসম্মত শিক্ষা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই নিয়মিত এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। প্রতিবছর এ পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি এ উদ্যোগের প্রতি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ এবং আস্থার প্রতিফলন।

পরীক্ষার সার্বিক আয়োজন সফল করতে সংশ্লিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন