জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬:১২, ১৩ নভেম্বর ২০২৬
গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা হাতে একদল লোক টোলপ্লাজা এলাকায় ব্যাপক তাণ্ডব চালান। তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে বিপুলসংখ্যক মানুষের সড়ক অবরোধ, স্লোগান দেওয়া এবং যানবাহনে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখা যায়।এই অবরোধের ফলে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে। এতে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দেশজুড়ে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার অভিযান: মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট এলাকায় অভিযান চালানো হয়।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট এলাকা থেকে জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ নভেম্বর রাতে পদ্মা সেতু এলাকায় সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
শীর্ষ সংবাদ: