হাতিয়ার সমস্যায় শেকড়ছোঁয়া অভিজ্ঞতা:প্রার্থীদের ভ্রমণেই হোক শিক্ষা

মোহাম্মদ মামুন উদ্দিন (হাতিয়া,নোয়াখালী)

প্রকাশ: ১১:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫

হাতিয়ার সমস্যায় শেকড়ছোঁয়া অভিজ্ঞতা:প্রার্থীদের ভ্রমণেই হোক শিক্ষা

হাতিয়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ইতিমধ্যে অন্তত ছয়জন সম্ভাব্য প্রার্থী মাঠে নেমে ভোট চেয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিএনপি থেকে আজিম, শামীম, তানভীর ও শাহ নেওয়াজ, এনসিপি থেকে হান্নান মাসউদ এবং জামায়াত থেকে মাহফুজ প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রতিশ্রুতির ঝাঁপি খুলছেন।

কিন্তু প্রশ্ন রয়ে যায়—তাদের এসব প্রচারণা কি শুধুই প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিই হাতিয়ার দীর্ঘদিনের চলমান দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ দেখা যাবে?

অভিনব প্রস্তাব আলোচনায়

স্থানীয়দের একটি প্রস্তাব ইতিমধ্যে সামাজিক আলোচনায় রূপ নিয়েছে। প্রস্তাবটি হলো—ছয় প্রার্থীকে একসঙ্গে একটি সিএনজিতে করে নলচিরা থেকে নিঝুমদ্বীপের মোক্তারিয়া ঘাট পর্যন্ত ভ্রমণ করানো হোক। কাদা, জল আর খানাখন্দের ভরা রাস্তায় নুয়ে পড়তে পড়তে প্রার্থীরা নিজেরাই যেন উপলব্ধি করেন হাতিয়ার মানুষের নিত্যদিনের যাতায়াতের দুর্ভোগ। যদি কোমর ব্যথায় নুয়ে পড়েন, তবে ওছখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হোক। আর যদি আরও অসুস্থ হয়ে পড়েন, তখন মাছের বোডে নদী পার হয়ে চিকিৎসার জন্য যেতে হবে। হয়তো তখনই বুঝবেন, হাতিয়ার সাধারণ মানুষ কতটা সংগ্রামের মধ্যে দিয়ে বেঁচে আছেন।

দীর্ঘদিনের চারটি সমস্যা

হাতিয়ার মানুষের ভোগান্তির মূল চারটি কারণ বারবার উঠে এসেছে—

  • পর্যাপ্ত ফেরি সংযোগের অভাব
  • ভয়াবহ নদীভাঙন
  • আধুনিক হাসপাতালের ঘাটতি
  • প্রধান সড়কের করুণ অবস্থা

এসব মৌলিক সমস্যা বছরের পর বছর অবহেলার চাদরে ঢাকা পড়েছে। সড়কপথে মানুষের যাতায়াত এখনো দুর্বিষহ, স্বাস্থ্যসেবার আধুনিক কোনো ব্যবস্থা নেই, নদী পারাপারে ফেরির অভাব প্রতিদিনের কষ্টে রূপ নিয়েছে।

প্রতিশ্রুতির বাইরে কী আসবে?

প্রতি নির্বাচনে প্রার্থীরা এসে প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ান। কিন্তু নির্বাচন শেষে হাতিয়ার মানুষকে আবারও সেই একই দুঃখ-দুর্দশায় ফেলে যান। বর্তমানে দেশে কোনো দলীয় সরকার নেই—এ অবস্থায় স্থানীয়দের প্রত্যাশা আরও বাড়ছে। তারা চান, যে নেতা সত্যিকার অর্থে হাতিয়ার মৌলিক সমস্যা সমাধানে এগিয়ে আসবেন, সেই-ই প্রমাণ করবেন তিনি হাতিয়ার যোগ্য নেতৃত্বের আসনে বসার উপযুক্ত।

শেষ প্রশ্ন

নেতারা কি কেবল নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেবেন? নাকি সত্যিই হাতিয়ার মানুষের প্রাপ্য অধিকার আদায়ে কার্যকর উদ্যোগ নেবেন? এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে হাতিয়ার আগামীর রাজনীতি এবং মানুষের ভবিষ্যৎ।

আরও পড়ুন