নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১৬, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:২২, ১৬ আগস্ট ২০২৬
সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রিন্ট সংস্করণ, অনলাইন নিউজ পোর্টাল, ও মাল্টিমিডিয়ায় পুষ্পধারা হাউজিং ও পূষ্পধারা হাউজিং এর চেয়ারম্যান মনিরুজ্জামান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, জমি দখল, অপহরণসহ বিভিন্ন গুরুতর অভিযোগে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলো অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। কোনো নির্ভরযোগ্য নথি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ছাড়া কিছু ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এসব গুরুতর বক্তব্য প্রকাশ করা হয়েছে। সংবাদ প্রকাশের আগে আমাদের বক্তব্যও যথাযথভাবে গ্রহণ করা হয়নি।
পুষ্পধারা হাউজিংয়ের কার্যক্রম ও গ্রাহকদের সঙ্গে লেনদেন সংশ্লিষ্ট চুক্তি ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে। কোনো ব্যক্তি বা গ্রাহকের সঙ্গে বিরোধ থাকলে তা প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তিযোগ্য। কিন্তু সেই বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘প্রতারক’ কিংবা ‘অপরাধী’ হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অনভিপ্রেত ও মানহানিকর।
অতএব, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি অনুরোধ, প্রকাশিত সংবাদটি পুনরায় যাচাই করে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংশোধন এবং আমাদের এই প্রতিবাদ লিপি যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হোক।
প্রতিবাদকারী
মনিরুজ্জামান
চেয়ারম্যান
পুষ্পধারা হাউজিং