প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেয়া মানিকগঞ্জের মামুন সাভারে গ্রেপ্তার

সোহেল রানা, সিংগাইর

প্রকাশ: ২৩:০১, ২২ মে ২০২৬ | আপডেট: ২৩:০২, ২২ মে ২০২৬

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেয়া মানিকগঞ্জের মামুন সাভারে গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস), সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, তিনি একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল এলাকায়। বর্তমানে তিনি ঢাকার সাভারের জালেশ্বর এলাকার রাঢ়ীবাড়ী বি-ব্লকের একটি বাসায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি ও ফ্ল্যাট ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন মামুন। বিভিন্ন সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস, সাংবাদিক কিংবা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিতেন।

এছাড়া সরকারি কর্মকর্তাদের বদলি ও পদোন্নতির আশ্বাস দিয়ে অর্থ আদায়, নিয়োগ-বাণিজ্য এবং বিভিন্ন মামলার আসামিদের মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গত ১৮ মে নিজের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দেন তিনি।

ঘটনাটি জানার পর প্রধানমন্ত্রীর এপিএস-১ ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

অভিযানের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, ‘প্রেস’ লেখা একটি জিপ গাড়ি, ‘আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট’ লেখা লিফলেট এবং জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত কিছু নথির ফটোকপি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, প্রতারণার কাজে মামুন একটি নির্দিষ্ট মোবাইল নম্বর ব্যবহার করতেন এবং দীর্ঘদিন ধরেই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন।

আরও পড়ুন