সাকিব চৌধুরী, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ: ১৫:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় বাসিন্দা, চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সড়কের নির্জন অংশে সংঘবদ্ধ দুর্বৃত্তরা অবস্থান নেয়। সুযোগ বুঝে যানবাহন থামিয়ে কিংবা পথচারীদের গতিরোধ করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, একই এলাকায় একই ধরনের ঘটনা বারবার ঘটলেও স্থায়ীভাবে তা বন্ধে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে রাতের বেলায় অনেক চালক ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছেন। বিশেষ করে নির্জন অংশে যানবাহন থামলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বলছেন, ঘটনাগুলো নিয়মিত ঘটলেও অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় দুর্বৃত্তরা আরো বেপরোয়া হয়ে উঠছে। এসব ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং তাদের কোনো প্রভাবশালী আশ্রয়-প্রশ্রয় আছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ অবস্থায় বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের কয়লা-নয়টিলা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবহন চালক ও যাত্রীরা।