মোত্তাসিম সিকদার রাজীব, গাজীপুর
প্রকাশ: ১৬:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। একই ঘটনায় ওই গাড়িতে থাকা দিরু নামে এক মাছ ব্যবসায়ীও নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। অপর নিহত দিরু একজন মাছ ব্যবসায়ী। তার বাড়ি নেত্রকোনা জেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী দিরু গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত লোকমান হোসেন ও দিরুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিরু।
নিহত লোকমান হোসেনের চাচাতো ভাই ইব্রাহিম খলিল বলেন, সকালে বাজার করতে বের হয়েছিল। শুক্রবার তার মেয়ের বিয়ে। আজ বরপক্ষের আত্মীয়স্বজন আসার কথা ছিল। এজন্যই মূলত বাজার করতে বের হয়েছিল। রাস্তায় যাওয়ার সময় মাছবাহী গাড়িটি তাকে চাপা দেয়।
পরিবার সূত্রে জানা গেছে, লোকমান হোসেনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালকের পাশের সিটে থাকা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এবিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাছবাহী গাড়িতে চালক ও হেলপারের সঙ্গে মাছ ব্যবসায়ী দিরুও সহযাত্রী হিসেবে ছিলেন। দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।