মাগুরায় ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

মোঃ রাজিব হোসেন, মাগুরা 

প্রকাশ: ১৬:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি দোকানিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শত্রুজিৎপুর ইউনিয়নের বিভিন্ন জালের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন নাহার।

অভিযানকালে ১৮টি চায়না দুয়ারী জাল ও ৭৫৭টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা জালগুলো পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ সময় নিষিদ্ধ জাল বিক্রির অভিযোগে চারটি দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন