সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি :

প্রকাশ: ১৬:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

 ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের মোল্লা ডাঙ্গী গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিলা নিজ বাড়ি থেকে ভ্যানযোগে ঢেউখালী ইউনিয়নের মোল্লা গ্রামে তার ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়িতে যাচ্ছিল। পথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির সংলগ্ন শাখা সড়কে অসাবধানতাবশত তার পরনের ওড়না চলন্ত ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে জামিলাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামিলাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানালে থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) আশরাফুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন