ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে সাহাবউদ্দিন আকন্দ (৬৫) ও মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে গেলে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের জন্য চাচাতো ভাই সাহাবউদ্দিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ জানান, সকাল ৯টার দিকে তিনি বিদ্যুতের একটি ছেঁড়া তার মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হলেও দ্রুত তারটি সরানো বা বিদ্যুৎ সংযোগ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এদিকে, দুই চাচাতো ভাইয়ের আকস্মিক মৃত্যুতে খারুয়ালী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন