নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:২২, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:২৭, ১ অক্টোবর ২০২৬
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী’ প্রদান অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী বলেন, কৃষক কার্ডের প্রাক-পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পাইলট পর্যায়ে এ বছর ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হচ্ছে। আগামীকাল ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষক কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। একই সঙ্গে ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক কৃষক কার্ডের মুদ্রিত কপি পাবেন।
তিনি জানান, আগামীকালের অনুষ্ঠানে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে। বাকি ৬৪টি উপজেলাও অনুষ্ঠানে যুক্ত থাকবে।
মন্ত্রী আরও বলেন, চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪৩ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড ও উপকরণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কৃষক কার্ড কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, এর মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ কেনায় সহায়তা দেওয়া এবং কৃষি খাতে সরকারি সহায়তা সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি সন্তোষজনক এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।
এ সময় কৃষি সচিব মো. সেলিম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।