নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ
প্রকাশ: ২০:০০, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার (৬ অক্টোবর) জারি করা এক সরকারি আদেশে তার নিয়োগসংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করা হয়।
মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ নভেম্বরের স্মারকের মাধ্যমে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে মঈনুল হাসান দুলালকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি-সিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, মঈনুল হাসান দুলালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সম্প্রতি হবিগঞ্জে আলোচনা-সমালোচনা চলছে। অনলাইন জুয়া ও ক্যাসিনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা রুবেল মিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তার নাম আলোচনায় এসেছে।
এ ছাড়া রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের চেষ্টা এবং নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানা যায়নি।
অন্যদিকে, অতীতে গাড়ি চুরি চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মঈনুল হাসান দুলাল জেল-জরিমানা ভোগ করেছেন বলেও স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নথি বা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তার নিয়োগ বাতিলের সরকারি আদেশের পর বিষয়টি নিয়ে হবিগঞ্জের আইনজীবী ও সচেতন মহলে আলোচনা চলছে।